যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানতের শর্ত
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দেওয়ার বাধ্যবাধকতার আওতায় থাকা দেশের তালিকা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এই তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশসহ আরও বহু দেশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, ভিসা বন্ড প্রযোজ্য দেশের সংখ্যা আগের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে। এর আগে মাত্র এক সপ্তাহ আগে সাতটি দেশের নাম ঘোষণা করা হলেও, নতুন সিদ্ধান্তে বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।
মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে এই ভিসা বন্ড শর্ত বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসার জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশিদের জন্য এই নিয়ম কার্যকর হবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে।
ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, আলজেরিয়া, নেপাল, ভুটান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, তানজানিয়া, উগান্ডা, সেনেগাল, জাম্বিয়া, জিম্বাবুয়েসহ মোট ৩৮টি দেশ।
ভিসা বন্ড মূলত একটি আর্থিক জামানত, যার পরিমাণ হতে পারে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার। আবেদনকারীর ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে ভিসা ইন্টারভিউয়ের সময় কনসুলার কর্মকর্তা চূড়ান্ত অঙ্ক নির্ধারণ করবেন। এ জন্য আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত DHS Form I-352 পূরণ করতে হবে।
এই অর্থ শুধুমাত্র সরকারি ওয়েবসাইট Pay.gov–এর মাধ্যমে পরিশোধ করা যাবে। কনসুলার অফিসারের নির্দেশ ছাড়া আগাম বন্ড জমা দিলে অর্থ ফেরত পাওয়া যাবে না। তবে ভিসা বন্ড প্রদান করলেই ভিসা অনুমোদন নিশ্চিত হয় না।
এ ছাড়া ভিসাধারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর দিয়ে—জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই শর্ত ভঙ্গ করলে প্রবেশে বাধা দেওয়া হতে পারে অথবা প্রস্থান সঠিকভাবে রেকর্ড নাও হতে পারে।
নির্ধারিত শর্ত মেনে চললে ভিসা বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে। তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান, ভিসা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা বা আশ্রয় আবেদন করলে ভিসা বন্ড লঙ্ঘিত হবে।
মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বি-১ ও বি-২ ভিসার মেয়াদ অতিক্রম রোধ করা এবং ভিসা ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।