বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনে সাবেক ডিবি প্রধান হারুন

বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে আলোচিত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে সপরিবারে বিলাসী জীবনযাপন করছেন। তদন্তে জানা গেছে, তিনি শুধু আমেরিকাই নয়, বিশ্বের অন্তত ছয়টি দেশে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।

আত্মগোপন থেকে আমেরিকা যাত্রা

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই আত্মগোপনে চলে যান হারুন। তার আগেই, আওয়ামী লীগের পতন আসন্ন বুঝতে পেরে ১ আগস্টেই পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। এরপর আগস্টের শেষের দিকে ভারত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিকত্ব ও মার্কিন পাসপোর্ট নিয়ে বসবাস করছেন।

সূত্র বলছে, নিউইয়র্কের নিউ হাইড পার্ক এলাকায় তার স্ত্রীর নামে প্রায় ৫ মিলিয়ন ডলারের একটি বাড়ি রয়েছে। সেই বিপুল অর্থের লেনদেন নজরে আসায় এফবিআই তদন্তও করেছিল। তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে থাকা ১,৫৩২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করা হয়।

পাচারকৃত অর্থে গড়া আন্তর্জাতিক সাম্রাজ্য

অভিযোগ রয়েছে, হারুন অর রশীদ সরকারি চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে মানি এক্সচেঞ্জ ও বিনিয়োগের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে আসছিলেন। পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টস গলিতে তার মানি এক্সচেঞ্জের মূল অফিস ছিল, যার শাখা বিস্তৃত ছিল দুবাই, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর ও ইস্তাম্বুলে।

এই নেটওয়ার্কের মাধ্যমে তিনি কয়েক হাজার কোটি টাকা বিদেশে সরিয়ে নেন। দুবাইয়ে তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট ও একটি রেস্টুরেন্ট আছে বলে জানা গেছে। সৌদি আরব, মালয়েশিয়া ও তুরস্কেও রয়েছে তার বিনিয়োগ।
মালয়েশিয়ার “সেকেন্ড হোম স্কিমে” তিনি ও তার স্ত্রী উভয়েই বিনিয়োগ করেছেন। এছাড়া তুরস্কের বিদেশি বিনিয়োগকারীদের ডাটাবেসে হারুন অর রশীদের নামও পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে, তিনি বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব অর্জন করেছেন।

সুইজারল্যান্ডে গোপন ব্যাংক হিসাব

সিআইডির তথ্য অনুযায়ী, হারুন অর রশীদের একটি সুইস ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যা মার্কিন নাগরিক হিসেবে খোলা। এ কারণেই বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন পর্যন্ত এর বিস্তারিত তথ্য সংগ্রহে সক্ষম হয়নি।

দুদকের মামলা ও আদালতের আদেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) হারুন, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই এ বি এম শাহরিয়ার-এর বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়ের করেছে।
২০২৩ সালের ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা এই মামলাগুলোর এজাহারে বলা হয়েছে:

  • হারুন অর রশীদ অর্জন করেছেন ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ,
  • তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকার,
  • আর ভাই শাহরিয়ার ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক।

দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরবর্তীতে হারুনের ১০টি ও শাহরিয়ারের ১১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।

জব্দ হওয়া সম্পদের বিবরণ

দেশে জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে—

  • ঢাকার উত্তরায় ৭.৪৫ কাঠা জমিতে ৩ কোটি টাকার ইমারত,
  • গুলশানে ১০.৩৬ শতক জমিতে ৩ কোটি ৯৭ লাখ টাকার বাড়ি,
  • খিলক্ষেতে দুটি বাড়ি,
  • উত্তরা ও জোয়ারসাহারায় দুটি ফ্ল্যাট,
  • এবং আশিয়ান সিটিতে ৫ কাঠার একটি প্লট।

তবে, আদালতের নির্দেশে এই সম্পদগুলো জব্দ হলেও, বিদেশে থাকা হারুন অর রশীদের বিপুল সম্পদ এখনো ধরাছোঁয়ার বাইরে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla