যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের রক্তপাত, ইসরায়েলি হামলায় নিহত ২০ ফিলিস্তিনি
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ভূমি ফিলিস্তিন আবারও রক্তে রঞ্জিত। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দখলদার ইসরায়েলি বাহিনী বুধবার একাধিক স্থানে হামলা চালিয়েছে, এতে অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, রাফাহ এলাকায় এক বন্দুক হামলায় ইসরায়েলি সেনা আহত হওয়ার পরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন অভিযানের নির্দেশ দেন। ওই নির্দেশের পরপরই গাজার বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা শুরু হয়।
এদিকে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস অভিযোগ করেছে— ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে নতুন করে আগ্রাসন চালাচ্ছে। সংগঠনটি জানায়, “চুক্তি ভঙ্গের এই ঘটনায় নিখোঁজ এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর আপাতত স্থগিত থাকবে।”
হামাস আরও সতর্ক করে জানিয়েছে, ইসরায়েল যদি বড় ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে মৃতদেহ উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং বাকি ১৩ জন বন্দির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।
অন্যদিকে, ইসরায়েলের সাম্প্রতিক হামলা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেন, “যুদ্ধবিরতি এখনো বহাল আছে। গাজায় সামান্য সংঘর্ষ ঘটেছে, তবে আমরা আশা করছি শান্তি বজায় থাকবে।”
হামাস অবশ্য দাবি করেছে, রাফাহর ঘটনাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, জরুরি ত্রাণ কার্যক্রমকেও কঠোরভাবে সীমিত করে রাখা হয়েছে।
এক বিবৃতিতে হামাস জানায়, “ইসরায়েলের এই সাম্প্রতিক আক্রমণ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এখনো চুক্তি মেনে চলছি এবং ইসরায়েলকে অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে হবে।”
হামাস নেতা সুহাইল আল-হিন্দি আল-জাজিরাকে বলেন, “মরদেহ উদ্ধারের কাজ কঠিন হয়ে পড়েছে। যেসব মরদেহ এখনো উদ্ধৃত হয়নি, তার সম্পূর্ণ দায় ইসরায়েলের।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।