বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০৪ দেশে সোয়া ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বের ১০৪টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সাত লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের ঠিকানায় এসব ব্যালট পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত প্রকল্প ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (OCV-SDI)’-এর টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যেসব প্রবাসী ভোটার এখনও ব্যালট পাননি, তাদের কাছেও দ্রুত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে।
তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের ব্যক্তিগত দায়িত্ব—এমন সতর্কবার্তাও দিয়েছে নির্বাচন কমিশন। কেউ যদি ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করেন, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত বা ব্লক করা হতে পারে বলেও জানানো হয়েছে।
ইসি কর্মকর্তাদের তথ্যমতে, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন ভোটারের কাছে। এছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন, এবং কাতারে প্রায় ৭৪ হাজার প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাসে অবস্থানরত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার রয়েছেন।
এদিকে, গত বুধবার সন্ধ্যায় এক ধাপে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০, এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশনের এই উদ্যোগকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla