শহীদ আবু সাঈদ হত্যা মামলা: আজ তদন্ত কর্মকর্তার গুরুত্বপূর্ণ সাক্ষ্য
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ হিসেবে পরিচিত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে যাচ্ছেন তদন্ত কর্মকর্তা। সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো জবানবন্দি দেবেন তদন্ত সংস্থার কর্মকর্তা রুহুল আমিন।
সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজকের সাক্ষ্যে শুরুতেই আসামিদের ব্যক্তিগত দায়-দায়িত্বের বিষয়টি তুলে ধরবেন তদন্ত কর্মকর্তা। পরে পর্যায়ক্রমে হত্যাকাণ্ডের পুরো ঘটনার বিবরণ উপস্থাপন করবেন তিনি। এর আগে রোববার দেওয়া জবানবন্দিতে ১৬ জন আসামির সংশ্লিষ্টতা তুলে ধরেন রুহুল আমিন। আজ বাকি আসামিদের বিষয়ে তার সাক্ষ্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মামলায় তিনি ২৫ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।
জবানবন্দিতে তদন্তকালীন সময় কোথা থেকে, কখন ও কীভাবে আলামত সংগ্রহ করা হয়েছে—সেসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে। গত ১৮ ডিসেম্বর তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্য শেষ হলে গ্রেপ্তার ও পলাতক আসামিদের পক্ষে আইনজীবীরা তাকে জেরা করবেন।
এর আগে ১০ ডিসেম্বর মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন। একই দিনে তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মো. কামরুল হোসেনেরও জবানবন্দি গ্রহণ করা হয়। এ পর্যন্ত মামলায় মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
এরও আগে, ৯ ডিসেম্বর ২২ নম্বর সাক্ষী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের নানা দিক তুলে ধরে একটি নতুন সেইফ হাউজের তথ্যও প্রকাশ করেন।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কয়েকটি টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, গোয়েন্দা কর্মকর্তারা স্ক্রল নির্ধারণ করতেন এবং সেই তথ্যই কিছু গণমাধ্যমে প্রচার করা হতো।
মামলায় গ্রেপ্তার ছয় আসামি হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অপর আসামিরা এখনো পলাতক রয়েছেন।
চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।