বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শেখ হাসিনার মামলায় আজ শেষ সাক্ষীকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের মামলায় আজ সোমবার (৬ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেষ সাক্ষীকে জেরা করছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চে এ জেরা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর টানা তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন। তিনি ছিলেন এই মামলার ৫৪তম ও শেষ সাক্ষী। তার জবানবন্দিতে উঠে আসে, গত বছরের জুলাই-আগস্টে ৪১টি জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং ৫০টির বেশি জেলায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহৃত হয়েছিল।

ওইদিন ট্রাইব্যুনাল আজকের দিনটিকে জেরার জন্য নির্ধারণ করে। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটর।

২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আলমগীর যমুনা টেলিভিশনে প্রচারিত জুলাই আন্দোলনের নৃশংসতা বিষয়ক প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এছাড়া ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে হতাহতের ভিডিওও আদালতে প্রদর্শন করা হয়।

তার বক্তব্যে উঠে আসে, জুলাই-আগস্টে আন্দোলনের সময় সারা দেশে প্রায় তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। এ সাক্ষ্য সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং বিবিসি, আল-জাজিরা, আমার দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

এই মামলায় মোট ২৫ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ সাক্ষীর জেরা শেষে মামলাটি এখন যুক্তিতর্ক ও রায়ের ধাপে প্রবেশ করবে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন, যাকে পরবর্তীতে জেরা করেন আইনজীবী আমির হোসেন। আরেক গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে রাজসাক্ষী হন।

উল্লেখ্য, শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মোট ৮১ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

সব সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দৃষ্টি যুক্তিতর্ক ও চূড়ান্ত রায়ের দিকে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla