সবার ওপরে মুক্তিযুদ্ধ: বাংলাদেশের অস্তিত্ব, গণতন্ত্র ও ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি
সবার আগে মুক্তিযুদ্ধ, তারপর সবকিছু
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। ইতিহাসের মূল সত্যকে আড়াল করে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর এসব চেষ্টা সমাজের বিভিন্ন স্তরে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষক ও ইতিহাসবিদরা মনে করছেন, এ ধরনের বিতর্ক নয়—বরং মুক্তিযুদ্ধের সঠিক, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ ইতিহাসচর্চাই এখন সময়ের দাবি। কারণ স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের ভিত্তিতেই রয়েছে মহান মুক্তিযুদ্ধ। এর ঊর্ধ্বে আর কিছু নেই।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। স্বাধীনতার চেয়ে বড় কোনো অর্জন জাতির জীবনে থাকতে পারে না। মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যে ভূমিকা ছিল, তা যথাযথভাবে স্বীকার করাই জাতির দায়িত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে নয় মাসব্যাপী যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, তা ছিল একটি সর্বজনীন জনযুদ্ধ। এই যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের সম্মান নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি স্বৈরাচারবিরোধী নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং চব্বিশের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনও তাদের যথার্থ মর্যাদা পাওয়ার দাবি রাখে।
কোনো ব্যক্তি বা রাজনৈতিক অবস্থানকে অস্বীকার করতে গিয়ে যদি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করা হয়, তবে তা হবে জাতির জন্য মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল চার নীতিই অতীতে পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আজকের সংকটের পেছনে দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা বড় ভূমিকা রেখেছে। এই গণতন্ত্রহীনতা কীভাবে ধাপে ধাপে বর্তমান বাস্তবতায় পৌঁছে দিয়েছে—তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি। এটি নিয়ে কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, উন্নয়নের পথ কী হবে—এসব নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তিমূল। এই ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করলে রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ প্রথমবারের মতো ইতিহাসে একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ভিত্তিকে বাদ দিয়ে সামনে এগোনোর কোনো সুযোগ নেই। তাঁর ভাষায়, মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশও থাকবে না, আমরাও থাকব না। তাই মুক্তিযুদ্ধই হতে হবে সব জাতীয় কর্মসূচির সূচনা বিন্দু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন বেপারী মনে করেন, মুক্তিযুদ্ধকে আজ সবাই সম্মান করে এবং স্বীকার করে। ১৯৭১ সালে যারা তা মানেনি, তাদের অবস্থান ছিল ভিন্ন প্রেক্ষাপটে। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলো প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য নয়। বরং একাত্তরের যে আদর্শ ও চেতনার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তা পরবর্তীকালে কীভাবে ক্ষুণ্ন হয়েছে—সেই বাস্তবতাই নতুন করে সামনে এসেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ সমাজব্যবস্থা গড়ে তোলা। কিন্তু বাস্তবে আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে গণতন্ত্র সংকুচিত হয়েছে এবং একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে লাগাতার বিতর্ক চলতে থাকলে রাষ্ট্র ও সমাজ ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, বিএনপি একটি মুক্তিযুদ্ধের সংগঠক দল—এই বাস্তবতাকে উপেক্ষা করা সম্ভব নয়। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলোও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। ফলে ভবিষ্যতে মুক্তিযুদ্ধ নিয়ে বড় ধরনের বিতর্কের সম্ভাবনা কম বলেই তিনি মনে করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আদর্শের সঙ্গে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশায় যেমন একাত্তরে মানুষ জীবন দিয়েছে, তেমনি চব্বিশের আন্দোলনকারীরাও একই প্রেরণায় আত্মত্যাগ করেছে। একাত্তরের সংগ্রাম ছিল পরাধীনতার বিরুদ্ধে, আর চব্বিশের লড়াই ছিল কর্তৃত্ববাদী শাসন ও দুর্নীতির বিরুদ্ধে। উভয় আন্দোলনের লক্ষ্য ছিল সব মানুষের মৌলিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা—আর এই সংগ্রাম এখনো চলমান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।