মনোনয়নপত্র যাচাই শেষে চূড়ান্ত হিসাব: বৈধ প্রার্থী ১,৮৪২, বাতিল ৭২৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই শেষে সারাদেশে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে।
ইসি সূত্র জানায়, ৩০০ সংসদীয় আসনের বিপরীতে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এসব মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে—১৩৩টি, আর সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে—৩১টি।
এদিকে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেও প্রক্রিয়াগত ও আইনি কারণে তার মনোনয়ন যাচাইয়ের আওতায় আনা হয়নি বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়ন যাচাই করেন। যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।