কৃষ্ণসাগরে তেলবাহী দুই ট্যাংকারে ড্রোন হামলা—উদ্ধার ৪ বাংলাদেশি নাবিক
কৃষ্ণসাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ অন্তর্ভুক্ত জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
বিবিসি যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়—দ্রুতগতির নৌ ড্রোনগুলো ট্যাংকারের গায়ে আঘাত হানার মুহূর্তে প্রবল বিস্ফোরণ ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে থাকে।
গত শুক্রবার তুরস্কের উপকূলসংলগ্ন এলাকায় ‘এমটি কায়রোস’ এবং ‘বিরাট’ নামের গাম্বিয়া পতাকাবাহী ট্যাংকার দুটিকে লক্ষ্য করে প্রথম হামলা চালানো হয়। এর পরদিন শনিবার ‘বিরাট’ ট্যাংকারে আরও একটি হামলার খবর পাওয়া যায়। এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তুরস্কের কোস্ট গার্ড জানায়, হামলার পর ক্ষতিগ্রস্ত ‘এমটি কায়রোস’ থেকে মোট ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে—উদ্ধার হওয়া সবাই নিরাপদে আছেন এবং তাঁদের শারীরিক অবস্থাও স্থিতিশীল।
ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এ হামলায় ব্যবহার করা হয়েছে ‘এসবিইউ’র তৈরি বিশেষ নৌ ড্রোন ‘সি বেবি’। রাশিয়ার জ্বালানি ব্যবসা থেকেই যুদ্ধের অর্থায়ন আসে—এ অভিযোগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার সংখ্যা বাড়িয়েছে কিয়েভ।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া পুরোনো ও অস্পষ্ট মালিকানাধীন শত শত জাহাজ নিয়ে যে ‘ছায়া নৌবহর’ তৈরি করে, এই দুই ট্যাংকার সেই বহরের অংশ বলেই ধারণা করা হচ্ছে। এসব ট্যাংকারের নিবন্ধন, বীমা এবং মালিকানা সম্পর্কেও নানা অনিশ্চয়তা রয়েছে।
হামলার ফলে কৃষ্ণসাগরের দক্ষিণ–পশ্চিমাংশে ‘কায়রোস’ এবং কিছুটা পূর্বদিকে অবস্থান করা ‘বিরাট’ ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, দুটি জাহাজই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।