ইরানে দুই নারীকে ধর্ষণের দায়ে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের মামলায় আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করে। পরে সুপ্রিম কোর্টেও রায় বহাল থাকায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।
সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, বাসতাম শহরে উন্মুক্ত স্থানে এ শাস্তি কার্যকর করা হয়। প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের বিস্তারিত পর্যালোচনা শেষে চূড়ান্ত নির্দেশনার ভিত্তিতেই দণ্ড কার্যকর করা হয়।
প্রাদেশিক কর্তৃপক্ষের মতে, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার ফাঁদে ফেলে দুই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং পরবর্তীতে সম্মানহানির ভয় দেখিয়ে তাদের হুমকি দেন। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
সাধারণত ইরানে কারাগারের ভেতরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু বিশেষ ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে মাঝে মাঝে প্রকাশ্য স্থানে এই দণ্ড কার্যকর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জানায়—চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।
সূত্র: এএফপি, আল আরাবিয়া
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।