বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডব: তামিলনাড়ু–অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট, বাতিল আরও ৪৭টি ফ্লাইট

দক্ষিণ ভারতের উপকূলজুড়ে ঘূর্ণিঝড় ডিটওয়া দ্রুত শক্তি বাড়িয়ে সামনে এগোতে থাকায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুঁদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ৫৪টি ফ্লাইট বাতিলের পর, রোববার আরও ৪৭টি উড়ান বন্ধ করা হয়েছে—এর মধ্যে রয়েছে ৩৬টি অভ্যন্তরীণ এবং ১১টি আন্তর্জাতিক ফ্লাইট।

শনিবার রাতে ঝড়টি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ৫ কিমি গতিতে উত্তরমুখে সরতে থাকে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ডিটওয়া ক্রমেই স্থলভাগের আরও কাছে গেলেও তীব্রতা স্থির রয়েছে।

২৯ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অক্ষাংশ ১০.৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৮০.৬° পূর্বে। সে সময় ভেদারন্যম থেকে ৯০ কিমি, কারাইকাল থেকে ৯০ কিমি, যাফনা থেকে ১৩০ কিমি এবং চেন্নাই থেকে প্রায় ২৬০ কিমি দূরে অবস্থান করছিল ঝড়টি। পূর্বাভাস বলছে, আজ ৩০ নভেম্বরই উত্তর তামিলনাড়ু–পুঁদুচেরি উপকূলে এটি স্থলভাগে আঘাত হানতে পারে।

ভারি বর্ষণ ও ঝুঁকি বাড়ছে

তামিলনাড়ুর একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। কাডালুর, ময়িলাদুথুরাই, নাগাপট্টিনম, ভিল্লুপুরম এবং চেঙ্গালপাট্টুর মতো অঞ্চলসহ পুঁদুচেরি–কারাইক্যাল এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঝড়ের বেগ ঘণ্টায় ৭০–৮০ কিমি। যদিও এটি “অতিমাত্রায় তীব্র” ঘূর্ণিঝড় নয়, ধীরগতিতে তটের এত কাছে অবস্থান করায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়েছে।
IMD ডিজি এম. মহাপাত্র জানিয়েছেন—
“বাতাসের গতি খুব বেশি না হলেও কৃষিজমি, ফসল ও নিম্নভূমিতে বড় ক্ষতি হতে পারে। আধা থেকে এক মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।”

সরকারি প্রস্তুতি জোরদার

ঝড় মোকাবিলায় তামিলনাড়ু প্রশাসন ২৮টি ডিজাস্টার রেসপন্স টিম মাঠে নামিয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে ৬,০০০টির বেশি ত্রাণকেন্দ্র।
এছাড়া গুজরাটের ভাদোদরা থেকে NDRF-এর পাঁচটি দল বিশেষ সরঞ্জাম নিয়ে চেন্নাইয়ে পৌঁছেছে।

চেন্নাইসহ উপকূলীয় এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। রেল কর্তৃপক্ষও বিশেষ ওয়ার রুম চালু করেছে, যাতে আকস্মিক ক্ষয়ক্ষতি হলে দ্রুত মেরামতের ব্যবস্থা করা যায়।

শ্রীলঙ্কায় ভয়াবহ প্রভাব

ডিটওয়া ইতিমধ্যেই শ্রীলঙ্কায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ১৫৩ জনের, নিখোঁজ প্রায় ২০০ জন। ভারতের দক্ষিণাঞ্চলেও আশঙ্কা বাড়তে থাকায় জরুরি প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ডিটওয়া সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

২০২৫ সালের উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড় মৌসুমে ডিটওয়া হলো ১৪তম ট্রপিক্যাল সাইক্লোন এবং চতুর্থ নামকৃত ঝড়।
শ্রীলঙ্কার উপকূলে সৃষ্টি হয়ে এটি দ্রুত উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla