এশিয়া সফরে ট্রাম্প: বৈঠক, বাণিজ্যচুক্তি ও শান্তি আলোচনায় ব্যস্ত সূচি
এশিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (২৫ অক্টোবর) শুরু হতে যাওয়া এ সফরে অংশ নেবেন তিনি একাধিক আঞ্চলিক সম্মেলন, বাণিজ্যচুক্তি ও শান্তি আলোচনায়। সফরের শেষ দিনে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।
ওয়াশিংটনের সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যদিও আন্তর্জাতিক মহলে এমন গুঞ্জন ছড়িয়েছে, যুক্তরাষ্ট্র সেটি সরাসরি নাকচ করেছে।
ট্রাম্পের মূল লক্ষ্য হলো— বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের অবসান ঘটিয়ে একটি সামগ্রিক বাণিজ্য চুক্তি সম্পাদন করা।
৭৯ বছর বয়সী ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দেশে নতুন শুল্কনীতি ও কূটনৈতিক চুক্তির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছেন। এবারের সফর তার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফর। সফরের তালিকায় রয়েছে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন,
“এশিয়া বিশ্বের সবচেয়ে গতিশীল অর্থনৈতিক অঞ্চল। এখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সাফল্য অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ চুক্তি করবেন।”
শান্তি ও বাণিজ্য চুক্তির দিকে নজর
প্রথম গন্তব্য মালয়েশিয়া, যেখানে ট্রাম্প অংশ নেবেন আসিয়ান সম্মেলনে। প্রথম মেয়াদে একাধিকবার এই সম্মেলন এড়িয়ে গেলেও এবার তিনি সরাসরি যোগ দিচ্ছেন।
মালয়েশিয়ার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করার কথা রয়েছে তার। এরপর তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি তদারকি করবেন, যা অনেকে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
এছাড়া সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করার সম্ভাবনাও রয়েছে। দু’দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমাতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
জাপানে কূটনৈতিক আলাপ
সোমবার ট্রাম্প পৌঁছাবেন টোকিওতে। মঙ্গলবার তিনি সাক্ষাৎ করবেন জাপানের নবনির্বাচিত নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে। তাকাইচি একজন রক্ষণশীল রাজনীতিক, যিনি দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠক।
ট্রাম্পের আরোপিত বিশ্বব্যাপী শুল্কনীতির প্রভাব থেকে জাপান তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই সফরে ট্রাম্প ও তাকাইচির আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে বাণিজ্য ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তা।
দক্ষিণ কোরিয়ায় বৈঠক ও এপেক সম্মেলন
বুধবার ট্রাম্প পৌঁছাবেন দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে, যেখানে শুরু হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন।
সেখানে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এছাড়া গিয়ংজু শহরে মার্কিন প্রযুক্তি কোম্পানির সিইওদের সঙ্গে নৈশভোজেরও পরিকল্পনা রয়েছে।
চীন-যুক্তরাষ্ট্র বৈঠকে বৈশ্বিক নজর
বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বহু প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
এই বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে উত্তেজনা ও প্রত্যাশা উভয়ই বেড়েছে। কারণ, ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক ও চীনের বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে রয়েছে।
এক মার্কিন কর্মকর্তা বলেন,
“প্রেসিডেন্ট ট্রাম্প মূলত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।”
ট্রাম্প জানিয়েছেন, আলোচনার প্রথম বিষয় হবে ফেন্টানিল পাচার প্রতিরোধ। তিনি চান, বেইজিং মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। পাশাপাশি, লাতিন আমেরিকার মাদকচক্রের বিরুদ্ধে মার্কিন অভিযানও জোরদার করা হচ্ছে।
বিশ্লেষকদের মূল্যায়ন
ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেন,
“সি চিন পিংয়ের সঙ্গে এই বৈঠক ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ হলেও অত্যন্ত কৌশলগত। ব্যর্থ হলে এর প্রভাব ব্যাপক হতে পারে।”
ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক রায়ান হাস মনে করেন,
“এই বৈঠকে বড় কোনো অগ্রগতি আশা করা ঠিক হবে না। এটি মূলত দুই দেশের সম্পর্কের চলমান ধারা বজায় রাখার একটি পদক্ষেপ মাত্র।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।