এনসিপি–এবি পার্টি–রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোটের ঘোষণা আজ বিকেলে
বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ এবার বাস্তবে রূপ পাচ্ছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে এই নতুন জোটের ঘোষণা দেবেন। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক কাঠামো গড়ার লক্ষ্যে আগ্রহী নাগরিক ও রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আনা’—এই জোটের মূল লক্ষ্য।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন দুপুরে সাংবাদিকদের জানান, ঘোষণার অনুষ্ঠানে তিন দলের নেতারা একসঙ্গে উপস্থিত থাকবেন এবং জোটের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরবেন।
তবে আলোচনার শুরুতে চার দলকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত গণঅধিকার পরিষদ এই উদ্যোগে অংশ নিচ্ছে না। ২৭ নভেম্বরের বৈঠকে বিশেষত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’-কে অন্তর্ভুক্ত করার বিষয়ে এনসিপির কঠোর অবস্থান থেকে মতবিরোধ তৈরি হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জোটের লক্ষ্য, কার্যক্ষমতা ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে তাঁদের তোলা প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাঁর ভাষায়,
“অস্পষ্ট অবস্থায় ঝুঁকি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এই জোটে আমরা থাকছি না।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।