দ্বিতীয় দিনের মতো হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত আছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এর আগের দিন ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের আংশিক সাক্ষ্যগ্রহণ হয়। অসমাপ্ত থাকায় শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। এদিন কার্যক্রম শুরুতেই অবশিষ্ট জবানবন্দি দেন তিনি। এরপর তাকে জেরা করবেন আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
ট্রাইব্যুনালের নথি অনুসারে, বুধবার দ্বিতীয় দিনের মতো দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৪৭ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।
প্রসিকিউশনের প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলেই এ মামলায় সাক্ষ্যপ্রক্রিয়া শেষ ঘোষণা করা হবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। আসামি থেকে রাজসাক্ষী হওয়া তিনি আদালতে জানান, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় শেখ হাসিনা ও কামালের নির্দেশে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। তিনি দুঃখ প্রকাশের পাশাপাশি বেশ কিছু অজানা তথ্যও আদালতের সামনে তুলে ধরেন।
১ সেপ্টেম্বর দশম দিনের শুনানিতে ছয়জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। তাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সবাইই সেই সময়কার হত্যাযজ্ঞের ভয়াবহতা বর্ণনা করেন। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা আদালতে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছে। মামলার অভিযোগপত্রে মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠা রয়েছে, যার মধ্যে দুই হাজার ১৮ পৃষ্ঠা তথ্যসূত্র, চার হাজার পাঁচ পৃষ্ঠা জব্দ তালিকা ও দালিলিক প্রমাণ এবং দুই হাজার ৭২৪ পৃষ্ঠা শহীদদের তালিকার বিবরণ। এ মামলায় সাক্ষী হিসেবে ৮১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।