ঢাকায় শুরু বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠক। সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
বৈঠক শুরু হয় সকাল ৯টা ৪৫ মিনিটে। এতে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
দ্বিপক্ষীয় এই বৈঠকে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে — বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি উন্নয়ন, ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা, জ্বালানি খাত, শিক্ষা এবং প্রযুক্তি বিনিময় বিষয়ে। এছাড়া, বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখযোগ্য যে, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর। দীর্ঘ বিরতির পর এবারই প্রথম দুই দেশ নতুনভাবে এই সংলাপের টেবিলে বসলো।
এদিকে, বৈঠকে অংশ নিতে রোববার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। তার এই সফরে জেইসি বৈঠকের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করার কথা রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।