দেশের ৮ বিভাগে আজ অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার এবং বাংলাদেশকে ‘ভারতীয় রাজনৈতিক প্রভাব’ থেকে মুক্ত করার দাবিতে আজ রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি জানান, আজ দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে একসঙ্গে অবরোধ কর্মসূচি পালন করা হবে। শাহবাগে উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা আজ রাজপথে নেমেছেন, তারা যেন আগামী দিনগুলোতেও আন্দোলনে সক্রিয় থাকেন এবং ইনসাফের এই সংগ্রাম চালিয়ে যান।
এ সময় তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, কোনো ধরনের চাপ, প্ররোচনা কিংবা আপোসের মাধ্যমে এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে না।
আবদুল্লাহ আল জাবের বলেন, “এই অবরোধ শুধু শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে নয়; এটি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। আমরা চাই, বাংলাদেশ সব ধরনের বিদেশি প্রভাব থেকে মুক্ত হোক।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচার নিশ্চিত করতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে তাকেও এই আন্দোলনে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। ইনসাফের প্রশ্নে কোনো উপদেষ্টার সঙ্গেই আপোস না করার ঘোষণাও দেন তিনি।
বক্তব্যে তিনি কয়েকটি গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মিডিয়া বিভ্রান্তিকর খবর প্রচার করছে—যেমন ‘যমুনা ভবন ঘেরাও’-এর মতো তথ্য, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আন্দোলনকারীদের অনুরোধ করেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ ছাড়া অন্য কোনো সূত্রের সংবাদে আস্থা না রাখতে।
এছাড়া তিনি দাবি করেন, গত কয়েকদিন ধরে সংগঠনের নেতাকর্মীরা হত্যার হুমকি পাচ্ছেন। তবে মৃত্যুভয় তাদের দমাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। “আমরা শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছি,”—এ কথা বলে তিনি উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, তারা শহীদ হলেও আন্দোলন চালিয়ে যাবেন কি না। জনতা সমস্বরে ‘না’ বললে তিনি ইনসাফের এই লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।