ড. মুহাম্মদ ইউনূসের পাশে প্রভাবশালী বিশ্বনেতাদের একজোট সমর্থন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ব্যস্ততার মাঝেও শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক ব্যতিক্রমী বৈঠকে বিশ্বের শীর্ষ নেতারা একসঙ্গে জানালেন—অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাদের পূর্ণ সমর্থন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নেতৃত্বকে তারা শুধু প্রশংসাই করেননি, বাংলাদেশের চলমান পরিবর্তনের যাত্রায় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
ড. ইউনূসের হোটেল স্যুটে আয়োজিত এ বৈঠকের সভাপতিত্ব করেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবার্গা। উপস্থিত ছিলেন একঝাঁক আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব—স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক রাষ্ট্রপ্রধানরাও ছিলেন এই তালিকায়।
এছাড়া আলোচনায় অংশ নেন জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক সভাপতি, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন, মানবাধিকারকর্মী কেরি কেনেডি এবং আন্তর্জাতিক শান্তি ও নারী নেতৃত্বকেন্দ্রিক বেশ কয়েকজন প্রতিনিধি।
বক্তারা একে একে ড. ইউনূসের আজীবন লড়াই—দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, “আমরা শুধু আপনাকে নয়, বাংলাদেশের জনগণকেও সমর্থন জানাতে এখানে এসেছি। আপনি একা নন, আমরা সবাই পাশে আছি।”
অনেকে উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও স্বৈরশাসনের পর দেশটি এখনও নানা সংকটে জর্জরিত। তবে অন্তর্বর্তী সরকারের পুনর্গঠন, নীতিগত সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারে তারা পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।
কেরি কেনেডি বলেন, “আমি বাংলাদেশ সফর করেছি। মানবাধিকার অগ্রগতিতে আপনারা যে দিকনির্দেশনা দিচ্ছেন, তা অনন্য।”
মেল্যান ভারভির জানান, জর্জটাউন ইনস্টিটিউট খুব শিগগিরই বাংলাদেশের ‘জুলাই বিপ্লব’-এর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানাবে।
ইসমাইল সেরাগেলদিনও আশ্বস্ত করেন, “বাংলাদেশের এই যাত্রায় আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি।”
বিশ্বনেতাদের এমন উপস্থিতি ও সমর্থন পেয়ে আবেগাপ্লুত হয়ে ড. ইউনূস বলেন, “এটা সত্যিই অপ্রত্যাশিত। সবাইকে একসঙ্গে দেখে আমি মুগ্ধ ও কৃতজ্ঞ।” তিনি দেশের গত ১৫ বছরের পরিস্থিতিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, রিখটার স্কেলে যার মাত্রা ৯-এর মতো ছিল।
তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা অনেক বেশি, অথচ সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবুও তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নৈতিক সমর্থন ও কারিগরি সহযোগিতা চান।
বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।