চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল—ভোটের সময় বাড়াল ইসি সানাউল্লাহ
চলতি সপ্তাহেই ঘোষণা আসছে জাতীয় নির্বাচনের তফসিল—ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহের যেকোনো দিনই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে অনুষ্ঠিত তফসিল, গণভোট এবং নির্বাচন-সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা শেষে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ইসি সানাউল্লাহ জানান, আগের নির্বাচনগুলোতে ভোটগ্রহণ শুরু হতো সকাল ৮টায় এবং চলত বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোটারদের সুবিধা বিবেচনায় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণা করার জন্য আগামী সোমবারই বিটিভিকে চিঠি পাঠানো হবে রেকর্ডিংয়ের জন্য। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
আচরণবিধি বাস্তবায়ন ও প্রশাসনিক প্রস্তুতি
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের প্রতিটি উপজেলায় দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটের পাঁচ দিন আগে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া ভোটের আগের রাতেই সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার।
তিনি জানান, এবার নির্বাচন পরিচালনায় সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তবে এই মুহূর্তে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী কাজে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ভোটের দিন সাধারণ ছুটি
ভোটের দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। তবে নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও ডাক বিভাগের কিছু শাখা খোলা থাকতে পারে। পাশাপাশি তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ কোনো নতুন প্রকল্প অনুমোদন করতে পারবে না। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের কেউ তাদের পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
নির্বাচনী পোস্টার অপসারণে কড়াকড়ি
তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার সরানোর নির্দেশ দেওয়া হবে। নির্ধারিত সময় শেষে পোস্টার না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইসি সানাউল্লাহ।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের ব্যালট পেপার প্রিন্টিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।