বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বিএনপি ভেঙে যায়নি, বরং আরও শক্ত হয়েছে: মানবাধিকার দিবসে তারেক রহমানের বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বছরের পর বছর কঠিন আঘাত ও অপমান সহ্য করেও বিএনপি ভেঙে পড়েনি; বরং আরও শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে। তার ভাষায়, ন্যায়, সত্য, জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি আস্থা দলকে আগের চেয়ে বেশি দৃঢ় করেছে।
মানবাধিকার দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত থাকবে। যেখানে একটি কণ্ঠও অমূল্য।”

১৬ বছরের দমিয়ে রাখা অন্ধকারের কথা

তারেক রহমান মনে করিয়ে দেন, গত ১৬ বছর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ছিল ভয়, দমন-পীড়ন আর অনিশ্চয়তার ছায়ায় আচ্ছন্ন। কেউ এই অন্ধকারকে তীব্রভাবে উপলব্ধি করেছে, কেউ চুপ করে সহ্য করেছে। বিশেষ করে যারা তৎকালীন ক্ষমতাসীনদের সমালোচনায় ছিলেন, তাদের প্রতিদিনই ছিল ভয়ের সঙ্গে বসবাস।
তিনি উল্লেখ করেন, রাতের আঁধারে দরজায় কড়া নাড়া, গুম, মিথ্যা মামলা, হেফাজতে নির্যাতন—এসব ছিল তখনকার বাস্তব চিত্র। অসংখ্য পরিবার অপেক্ষা করেছে এমন প্রিয়জনের জন্য যারা আর কখনো ঘরে ফেরেনি।

BNP সবচেয়ে বেশি নিপীড়নের শিকার—তারেক রহমান

তারেক রহমান বলেন, বিচারবহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু কিংবা মিথ্যা মামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতাকর্মীরাই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে BNP পরিবারেই।
তবে নিপীড়নের শিকার শুধু বিএনপি নয়—ছাত্র, সাংবাদিক, লেখক, সাধারণ মানুষও মানবাধিকার লঙ্ঘনের নিষ্ঠুর চক্রে পড়েছে বলে দাবি তার।

নিজের ওপর আরোপিত নীরবতার কথা

তিনি জানান, ২০১৫ সাল থেকে তার বক্তব্য প্রচারের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। টিভি, পত্রিকা এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বক্তব্য প্রকাশ করতে দেওয়া হয়নি। তবুও তিনি ন্যায় ও অধিকার রক্ষার লড়াই চালিয়ে গেছেন।
তার ভাষায়, “সত্যকে আদেশ দিয়ে থামানো যায় না।”

খালেদা জিয়ার ভূমিকা—ধৈর্য ও প্রতিরোধের প্রতীক

তারেক রহমান জানান, এই দীর্ঘ অন্ধকার সময়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা। মিথ্যা মামলা, কারাবন্দী জীবন, রাজনৈতিক প্রতিশোধ—সবই ছিল কর্তৃত্ববাদী শাসনের প্রতিফলন।
তিনি বলেন, “আমার মা প্রমাণ করেছেন, কষ্ট মানুষকে তিক্ত করে না; বরং আরও দৃঢ় করে। ন্যায় ও ক্ষমাশীলতার পথই আসল পরিবর্তন আনে।”

একটি মানবিক, ঐক্যবদ্ধ রাষ্ট্রের আহ্বান

তারেক রহমান মনে করেন—আজ বাংলাদেশের প্রয়োজন প্রতিশোধের রাজনীতি নয়, বরং একটি মানবাধিকার-সম্মত ঐক্যবদ্ধ দেশ।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি বর্জন করেছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে—“এই দেশে কেউ রাষ্ট্রকে ভয় করে বাঁচবে না, সে সরকারপন্থী হোক বা বিরোধী।”

শহীদদের স্মরণ

তারেক রহমান আবরার ফাহাদ, মুশতাক আহমেদ, ইলিয়াস আলী, সাগর-রুনি, সুমনসহ মানবাধিকার লঙ্ঘনের শিকার সব মানুষকে স্মরণ করেন।
তার বার্তায় ছিল এই প্রত্যয়—বাংলাদেশে আর কখনো যেন গুম, নির্যাতন, দায়মুক্তির সংস্কৃতি ফিরে না আসে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla