বাংলাদেশের ১২ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা, নদীর পানি বাড়তে পারে
আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষকরা। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সীমান্তবর্তী ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম এক পূর্বাভাসে জানায়, এরই মধ্যে কিছু এলাকায় রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে।
তাদের তথ্যমতে, কেবল দেশে নয়—উজানেও প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। এর ফলে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যেতে পারে। যেসব নদীতে ইতোমধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করেছে, সেখানে পানি আরও বাড়তে পারে।
শুধু উত্তরাঞ্চল নয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিতে অবস্থান করছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।