বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ: রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ ঢাকার
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনার পর বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে রাষ্ট্রদূতের কাছে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। বৈঠকে জানানো হয়, সীমান্তে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতরভাবে আহত হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলি চালানো আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করা হয়।
বাংলাদেশ সরকার এই ঘটনার সম্পূর্ণ দায় মিয়ানমারকে গ্রহণ করার আহ্বান জানায়। পাশাপাশি ভবিষ্যতে যাতে সীমান্ত অতিক্রম করে আর কোনো গুলিবর্ষণের ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কোনো প্রভাব যেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা ও জীবিকায় না পড়ে—তা নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব।
এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশুসহ তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।