আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত, লিটারপ্রতি বাড়তে পারে ১০ টাকা
দেশে ভোজ্যতেলের বাজারে আবারও চাপ তৈরি হয়েছে। বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে জানা যায়, তিন ধরনের তেলের দামই সমন্বয় করা হবে। তবে কত টাকা বাড়ানো হবে, তা ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনা করে লিটারপ্রতি সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীদের প্রস্তাব আন্তর্জাতিক বাজারের তুলনায় কিছুটা বেশি। তাই বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্যবসায়ীদের দাবি, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১,২০০ ডলারে পৌঁছেছে। গত কয়েক মাসে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। পাম তেলের দামও একই ধারায় ঊর্ধ্বমুখী। সেই প্রেক্ষিতেই নতুন দামের প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।