বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

২০ বছর পর ২৭তম বিসিএস থেকে নিয়োগ পেলেন ৬৭৩ জন, জারি হলো প্রজ্ঞাপন

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেলেন ৬৭৩ জন প্রার্থী। ২০০৫ সালে অনুষ্ঠিত এই বিসিএস পরীক্ষার ভিত্তিতে প্রথম ধাপে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে তাদের নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৫ নভেম্বরের সুপারিশের আলোকে এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী মাসিক ২২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মস্থলে পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথম দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সরকার এই সময়সীমা সর্বোচ্চ আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তাকে চাকরির জন্য অনুপযুক্ত মনে হলে, কারণ দর্শানো ছাড়াই এবং পিএসসির সঙ্গে পরামর্শ ব্যতিরেকেও তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

তবে নির্ধারিত সব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিতে বহাল রাখা হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। একই সঙ্গে একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষানবিশকাল চলাকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে কেউ চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা, ভ্রমণ ব্যয় ও অন্যান্য সরকারি খরচ সরকারকে ফেরত দিতে হবে। পাশাপাশি দায়িত্বে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী সরকারের পাওনা অর্থ আদায় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla