১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট: সিইসির বিস্তারিত তফসিল ঘোষণা
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ঘোষণা দিয়েছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই নির্বাচনী তফসিল প্রকাশ করেন।
সিইসি জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর পরদিন থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন যাচাই–বাছাই।
যেসব প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চান, তারা ১১ জানুয়ারি পর্যন্ত আপিল দাখিল করতে পারবেন। আর আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৮ জানুয়ারি।
এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত— অর্থাৎ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত।
ঘোষণা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনের বিশেষ দিক হলো— সংসদ নির্বাচন ও গণভোট একই দিনেই অনুষ্ঠিত হবে। এটি দেশের তৃতীয় গণভোট। সিইসি জানান, গণভোটের কারণে ভোটগ্রহণের সময়ও বাড়ানো হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।